
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৫ ও জয়পুরহাট ২০ বিজিবি। এ সময় রিফাত (২৩) নামে আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন, পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে আবুল কাশেম (৫৫) এবং একই এলাকার মৃত ছইমুদ্দিনের ছেলে সুরুজ মন্ডল (৪০)। পালিয়ে যাওয়া রিফাত ভুইডোবা গ্রামের মো. ইউসুফ হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেঁচড়া গ্রামের কয়েকজন মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ এলাকার একটি বাড়িতে মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৫ ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ও সুরুজ মন্ডলকে আটক করা হয়। পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রিফাত পালিয়ে যায়।
পরে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।