
সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিধিনিঃ
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজিবি জানায়, অদ্য ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থানে অভিযান চালায়। সেখান থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করা হয়।
অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানার বোয়ালিয়া মোড় নামক স্থান থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
উভয় অভিযানে সর্বমোট ৭ লাখ ৩০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।