
তাসলিমা রত্না ময়মনসিংহ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দের নেতৃত্বে শনিবার (১৮ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়।
আজ দুপুরে ময়মনসিংহ শহরের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণে ভাষা শহীদ শামসুল হক মঞ্চ থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মোড়, জুবিলী ঘাট হয়ে নতুনবাজারে অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
গণমিছিলে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলের পতাকা হাতে নিয়ে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তব্যে আবু ওহাব আকন্দ বলেন, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের এই ৩১ দফা দাবির বাস্তবায়ন জরুরি। এই দাবি শুধু বিএনপির নয়, এটি দেশের আপামর জনগণের দাবি।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের দমন-পীড়নের জবাব দেবো। জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।
গণমিছিল শেষে নেতৃবৃন্দ আগামী দিনগুলোতেও ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।