
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল ছালাম (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মরদেহটি রেললাইনের পাশে তিন খণ্ড অবস্থায় পড়ে ছিল—মাথা, হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল এবং শরীর থেঁতলানো অবস্থায় ছিল। নিহতের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়। একটিতে লেখা ছিল: “আমার মরে যাওয়াতে কাউকে দায়ী করবেন না” এবং অপরটিতে ছালামের নাম, ঠিকানা ও পরিবারের মোবাইল নম্বর উল্লেখ ছিল।
নিহত মো. আব্দুল ছালামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার চন্দ্রতলা গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছালাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান এবং রাতে বোনের বাড়ির উদ্দেশে রওনা দেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, বিষয়টি কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতায় হওয়ায় মরদেহ ও তদন্তের দায়িত্ব তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম-পিপিএম বলেন, ছালাম একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন এবং তার চিকিৎসার কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##
##মোজাম্মেল হক হিরন
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৭৩৮৯৩৮৩৩৩