
মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই মামাতো ভাই নিখোঁজ হয়েছে। স্থানীয়দের সহায়তায় একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও আরেকজনকে খুঁজে পেতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুর নাম নুরুউদ্দিন (৭)। সে ওই এলাকার মোতাহার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। নিখোঁজ শিশুটি নুরুউদ্দিনের মামাতো ভাই হাবিব (৪), সে একই গ্রামের খোকন মিয়ার ছেলে।
উদ্ধার হওয়া শিশুর চাচা বিল্লাল হোসেন জানান, সকালে নুরুউদ্দিন ও হাবিব নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর স্রোতের ঘূর্ণিতে পড়ে দুজনেই তলিয়ে যায়। এ সময় স্থানীয় এক জেলে নুরুউদ্দিনকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। তবে হাবিবের আর খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার অভিযান শুরু করে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা মো. নূরে আলম বলেন, “নিখোঁজ শিশুটি হাবিব (৪)। দুই ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালানো হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে স্রোত বেশি থাকায় অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। বিরতি নিয়ে আবারও তল্লাশি চালানো হচ্ছে।”
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, “দুপুর ১টা ২২ মিনিটের দিকে আমাদের কাছে ফোন আসে। ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ স্টেশনকে জানানো হয়। দুপুর ২টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে, তবে স্রোতের কারণে কাজটি কঠিন হয়ে পড়েছে। অভিযান এখনো চলছে।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।