
মোঃকোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষিদ্ধকরণের দাবি ‘জুলাই আহত’ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘২৪-এর গণঅভ্যুত্থানে জুলাই আহত’ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
সোমবার সকাল ১১টায় উল্লাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মাসুম আনাম, নাঈম হোসেন ও নিয়ামুল বশির নিহাল। বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানে মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা জামায়াত ও বিএনপির সমালোচনা করে বলেন, দেশের দুটি বড় রাজনৈতিক দলের কিছু নেতার ভূমিকা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। তারা স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করে পুনর্বাসনের চিন্তা দেশবাসী কখনো মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে বক্তারা সরকারকে উদ্দেশ করে বলেন, এখনও অনেক আওয়ামী লীগের নেতাকর্মী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—যা জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের সঙ্গে চরম অবিচার। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা হতাশাজনক।
এ সময় বক্তারা দাবি জানান—
আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে
দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে
মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা রুখে দিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা ও ছাত্রসমাজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় তারা আপসহীন থাকবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে।