
মোঃকোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী নির্বাচিত হলে উল্লাপাড়া উপজেলার সার্বিক উন্নয়নে ৯ দফা কর্মপরিকল্পনার অঙ্গীকার ঘোষণা করেছেন।
ঘোষিত অঙ্গীকার অনুযায়ী, নির্বাচিত হলে সরকারি আকবর আলী কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলায় একটি নার্সিং ইনস্টিটিউট ও একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি, যা স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার, আধুনিকায়ন ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নে প্রয়োজন অনুযায়ী সরকারি কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন এম. আকবর আলী।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পুরোনো ও জরাজীর্ণ সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া উপজেলা উন্নয়নের অংশ হিসেবে প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার, কৃষি খাতের আধুনিকায়ন, কৃষকদের প্রণোদনা ও সহায়তা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, খেলাধুলা ও যুব উন্নয়ন খাতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কথাও তার নির্বাচনী অঙ্গীকারে অন্তর্ভুক্ত রয়েছে।
এম. আকবর আলী বলেন, “উল্লাপাড়াকে একটি শিক্ষাবান্ধব, কর্মসংস্থানমুখী ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতেই আমার এই ৯ দফা উন্নয়ন পরিকল্পনা।”
উল্লেখ্য, এম. আকবর আলী উল্লাপাড়া আসন থেকে সাবেক দুইবারের সংসদ সদস্য। তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।