
সাইদুল বাসারঃ সাতক্ষীরা প্রতিনিধি :
‘‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সব চেয়ে বেশী জাহান্নামে যাবে মিডিয়াকর্মী’’ ব্যক্তিগত ফেসবুকে এমন পোষ্ট করে পরে দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।
আগের দেওয়া ফেসবুক পোস্টটি মুছে দিয়ে তিনি নতুন আরেকটি পোস্টে লেখেন, কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশী কারা জাহান্নামে যাবে একমাত্র আল্লাহ্’ই ভালো জানেন। আমার দেওয়া পোস্ট এক্সপাঞ্জ করলাম। আমার পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেলে আমি দুঃখিত।
ফেসবুক পোস্টের ঘটনা ব্যাখ্যা করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, সৌদি আরবে দুই জনের মৃত্যুদণ্ড ঘটনায় প্রথমে ফেসবুকে মিডিয়ায় নিউজ দেখি, তারা স্বামী স্ত্রী দম্পত্তি ওমরা পালনের জন্য সেখানে গিয়েছিলেন। বিয়ের প্রথমে তারা হানিমুন হিসেবে সৌদি আরবে ওমরা করতে যাবেন আগে থেকে ঠিক করা ছিল, সেই হিসেবে তারা ওমরা পালন করতে যান। সেখানে একটি মসজিদে নামাজ পড়ে একে অপরের কপালে চুমু দেন। এটি একজন পাকিস্তানি নাগরিক ভিডিও ধারণ করে সৌদি পুলিশকে অবহিত করে। পরে সৌদি পুলিশ তাদের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে। বিষয়টি আমার খুব খারাপ লাগে, এটা খুব দুঃখজনক। তারা ওমরা পালন করতে গিয়েছিলেন কিন্তু কি ঘটে গেল।
তিনি আরও বলেন, পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় নিউজ দেখি, তারা স্বামী-স্ত্রী না। সেখানে তারা পরকীয়া করছিলেন। তারা কাবা শরীপের পরিচ্ছন্নতাকর্মী এবং তাদের মধ্যে পরকীয় সম্পর্ক ছিল। মেইন স্ট্রিম কিছু মিডিয়ায় ভিন্ন ভিন্ন খবর দেখে আমি বিভ্রান্ত হই, আমার মনকে আঘাত করে। তখন আমি অবচেতন মনে সকাল ৮টার দিকে ফেসবুকে প্রথম পোস্টটি করে ফেলি। পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা কষ্ট পেয়েছেন বুঝতে পেরে আমি সেটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেছি। এরপরও কেউ কষ্ট পেলে আমি ক্ষমাপ্রার্থী।