
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (৫ আগস্ট) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন কোনাপাড়া পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে একটি প্লাস্টিকের জারকিন হাতে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ জানায়। এতে ওই ব্যক্তি জারকিনটি ফেলে ছলেমানিয়া দারুল মাদ্রাসার ভেতর দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জারকিনের ভেতরে থাকা খাকি রঙের নীল বায়ুরোধী চারটি প্যাকেট থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ব্যাপক তল্লাশির পরও চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।