
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চুরির মামলায় পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। এ সময় চুরি হওয়া দুটি গরুও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪১), একই উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের এছের আলীর ছেলে মো. ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৃত শাহ আলম সরদারের ছেলে নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আক্কাস আলীর ছেলে মো. আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহাগ (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুন রাতে মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকে করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১২-এর সদস্যরা ১১ নভেম্বর পৃথক অভিযান পরিচালনা করে ওই মামলার পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামে মো. আজাদ শেখের বাড়ি এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়ায় নুরন্নবীর বসতবাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধার করা গরুসহ প্রয়োজনীয় আলামত তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।