
আসাদুজ্জামান, কুমিল্লা প্রতিনিধি
সাংবাদিকদের নির্যাতন-নিপীড়ন প্রতিরোধ এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) কুমিল্লার দৈনিক ডাক প্রতিদিন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষা, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ গ্রহণ করেন। একই সঙ্গে সব ধরনের বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কেন্দ্রীয় চেয়ারম্যান খাইরুল আলম রফিকের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমা আক্তার। তিনি বলেন, কুমিল্লা জেলা ইউনিটকে একটি স্বচ্ছ, আদর্শ ও শ্রেষ্ঠ কমিটি হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। এ লক্ষ্য বাস্তবায়নে সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সংগঠনের চেয়ারম্যান নির্যাতিত সাংবাদিকদের আইনি সহায়তা, আহত সাংবাদিকদের চিকিৎসা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাঁর সাহসী ভূমিকা ও দিকনির্দেশনা সংগঠনের সদস্যদের অনুপ্রেরণা জোগাবে।
সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, কমিটির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়া হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক স্বপন মজুমদার, কামরুজ্জামান, মনিরুজ্জামান, প্রচার সম্পাদক, সদস্য দেলোয়ার হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, প্রশাসনিক দুর্নীতি ও অনিয়ম এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে তাঁরা কাজ করবেন। কোনো অন্যায়, অপরাধ বা দুর্নীতির সঙ্গে জড়িত না হয়ে সংগঠনের নীতিমালা ও চেয়ারম্যানের নির্দেশনা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।