
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ মেম্বার্স অব কমার্সের নির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর হাই কেয়ার হাসপাতালে যান উল্লাপাড়া পৌর যুবদলের কারা নির্যাতিত যুগ্ম আহ্বায়ক, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কোরবান আলী রিপন।
হাসপাতালে তিনি অসুস্থ সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি বা আনুষ্ঠানিক প্রতিবাদ না আসায় ক্ষোভ প্রকাশ করেন কোরবান আলী রিপন।
তিনি বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার মতো একটি গুরুতর ঘটনার পরও জেলা বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিবৃতি প্রকাশ না হওয়া দুঃখজনক। এ ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
কোরবান আলী রিপন আরও বলেন, হামলার ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ করছেন। তবে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।
তিনি বলেন, “ঘটনাটি যদি এতই গুরুতর হয়ে থাকে, তাহলে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার পরও কেন জেলা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলো না—এ প্রশ্নের জবাব সংগঠনের নেতাকর্মীদের কাছে থাকা প্রয়োজন।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান কোরবান আলী রিপন।