
মোঃ আসিফুজ্জামান আসিফ
ঢাকার সাভারের হেমায়েতপুরে গোপনে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপরজন বাংলাদেশি নারী। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ বালতি বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেখানে বাংলা মদ তৈরি ও বিক্রি করা হচ্ছিল বলে দাবি পুলিশের।
মঙ্গলবার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক ফিলি লিহান (৫৪) ও বাংলাদেশি নাগরিক চম্পা দাস।
পুলিশ জানায়, হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ারে একটি অভিযোগের তদন্ত করতে মঙ্গলবার গভীর রাতে সেখানে যান সাভার মডেল থানা পুলিশের সদস্যরা। তদন্তের একপর্যায়ে ভবনটিতে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পান তারা। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১৩ বালতি বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনা নাগরিক ফিলি লিহান ও বাংলাদেশি নারী চম্পা দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই স্থানে বাংলা মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন গ্রেপ্তার দুজন। তবে সেখানে কত দিন ধরে মদ তৈরি করা হচ্ছিল, কী পরিমাণ মদ বিক্রি হয়েছে এবং এ কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
হেমায়েতপুরের মতো জনবসতিপূর্ণ এলাকায় বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ারে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।