
সোহাগ সাতক্ষীরা:
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিস কাওসার আজিজ বলেন, “একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল চেতনা। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখাই হবে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
জেলা প্রশাসক মিস কাওসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম. হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরাফাত হোসাইন ও মোহিনী তাবাসসুম।
এ ছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, জুলাই আন্দোলনের শহিদ ও আহত যোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।