
সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঘোনা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক স্থান দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে ঘোনা বিওপির একটি চৌকস দল সেখানে কৌশলে অবস্থান নেয়। পরে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা।
তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিজিবির এই সাফল্যে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।