
মোঃ জাকারিয়া হোসেন এমএসসি
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে খাবারের বকেয়া টাকা চাওয়ায় ফেরদৌসী বেগম (৬০) নামের এক বৃদ্ধা গৃহকর্মীকে মারধরের ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে শাহজাদপুর থানা পুলিশ অভিযুক্ত ফেরদৌস নামের সেই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, পৌর শহরের বিসিক রোডে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হোস্টেলের ছাত্রদের দীর্ঘদিন যাবত রান্না করা খাবার মিল হিসেবে বিক্রি করছিলেন রামবাড়ি মহল্লার জ্যোতির স্ত্রী বৃদ্ধা ফেরদৌসী বেগম। দীর্ঘদিনের পাওনা টাকা চাওয়ায় ফেরদৌসী বেগমকে মারধর করার অভিযোগ ওঠে রবি শিক্ষার্থী ফেরদৌসের বিরুদ্ধে।
প্রতিবাদে পৌর শহরের বিসিক রোডে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সামনে রামবাড়ি মহল্লার বাসিন্দারা রাস্তা অবরোধ করে অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও পরিদর্শক তদন্ত মোঃ নাজমুল কাদের। এসময় ফেরদৌসী বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উপস্থিত হন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ নজরুল ইসলাম।
হামলার শিকার ভুক্তভোগী ফেরদৌসী বেগম জানান, দীর্ঘদিন যাবত হোস্টেলের ছাত্রদের খাবার পরিবেশন করে আসছিলেন তিনি। ফেরদৌসের কাছে পাচ হাজার টাকা বকেয়া হয়ে যায়। বিভিন্ন সময় টাকা চাইতে গেলে বিভিন্ন রকম টালবাহানা করতে থাকে। আজ সকালে ফেরদৌসের কাছে বকেয়া টাকা চাইলে তাকে মারধর করে গুরুতর আহত করে।
এই বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ নজরুল ইসলাম বলেন, এই বিষয়ে এখনও বিস্তারিত জানতে পারিনি।
এরকম ঘটনা ঘটলে অবশ্যই দুঃখজনক, আমি ভুক্তভোগী ও অভিযুক্ত ছাত্রের সাথে কথা বলতে পারিনি। সবার সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সমাধান করার চেষ্টা করছি।