
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের ৪নং রূপবাটি ইউনিয়নে দলীয় কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ২৪ তারিখ সোমবার ইউনিয়ন পরিষদে মোট ৫০০টি কার্ডের বিপরীতে চাল বিতরণ করা হয় বলে জানা গেছে। এর মধ্যে ৩০০টি দলীয় এবং ২০০টি ইউনিয়ন পরিষদের কার্ড বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, তারা দলীয় কার্ডের চাল পাননি। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ইউনিয়নজুড়ে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছাড়াই চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক তাঁর ঘনিষ্ঠ কিছু নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে কার্ড বিতরণ করেন। এতে প্রকৃত দরিদ্র ও অসহায় অনেক মানুষ চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এদিকে, ইউনিয়ন পরিষদে চাল বিক্রির অভিযোগও স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অবিশ্বাস তৈরি করছে। একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। বিষয়টি দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুর রাজ্জাকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।