
বেবি চক্রবর্ত্তী :- বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুম্বাইয়ের লোখান্ডওয়ালার ১৪ তলার একটি আবাসনে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন সকাল আটটা নাগাদ চার ক্রস রোডের ওই আবাসনের ১০ তলায় আগুন লাগে দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে আবাসনের অন্যান্য অংশে।
পুলিশ সূত্রে জানা গেছে আগুন লাগার পর নিজেদের ঘরেই আটকে পড়েন তাঁরা। দীর্ঘ চেষ্টার পর আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। আটকে পরা বাসিন্দাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেছেন। মৃতরা হলেন চন্দ্র প্রকাশ সোনি (৭৪), কান্তা সোনি (৭৪) আর পেলুবেতা (৪২)।
আগুন লাগার খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিকরা আগুন লাগার স্পষ্ট কারণ জানতে পারেননি। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।