
মোঃ মোবাস্বির হোসাইন (ময়মনসিংহ)
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি ও দুই দিনব্যাপী মৎস্য মেলার শুভ সূচনা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বাবলু।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তাগাছা-৫ আসনের সংসদ সদস্য জনাব,মোহাম্মদ জাকির হোসেন বাবলু।
প্রধান অতিথি বলেন, “মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতকে আরও সুদৃঢ় ও গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, “মুক্তাগাছার মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আধুনিক পদ্ধতি অনুসরণের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন ও সংরক্ষণে মৎস্যচাষিসহ সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় নির্বাচিত সফল মৎস্যচাষিদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, মৎস্যচাষি, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া দুই দিনব্যাপী মৎস্য মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবং বিশালাকার মাছের প্রদর্শনী দেখা গেছে। পাশাপাশি মেলায় সরাসরি মাছ ক্রয়-বিক্রয়ের বিশেষ ব্যবস্থা থাকায় মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
মৎস্য পক্ষ উদযাপনের পাশাপাশি স্থানীয় সচেতন মহল মুক্তাগাছার খাল, বিল, নদীসহ প্রাকৃতিক মুক্ত জলাশয়গুলো উদ্ধার ও সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, অবৈধ দখলে থাকা মুক্ত জলাশয় উদ্ধার, ক্ষতিকর চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জলাশয় ভরাট বন্ধ করতে হবে। এছাড়াও বিষ ও বিদ্যুৎ দিয়ে মাছ শিকার রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।