
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।য় শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা উপলক্ষ্যে রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শিব দর্শন ও মেলা বসবে৷
প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব মহাদেবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।
এ মেলা আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে । প্রতিবছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল সহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগী আসেন, পাশাপাশি মেলা উপলক্ষ্যে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।
জানা গেছে , মহেশখালী উপজেলা আদিনাথ মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) থেকে সাত দিনব্যাপী পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।
শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (সাবেক কাউন্সিলর) বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব্যবস্থা থাকবে এবং অনৈতিক কর্মকাণ্ড, যাত্রা, সার্কাস, হাউজী, যে কোন ধরনের জুয়া ও বিনোদন মূলকব্যবস্থা থাকবে না। শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে।
শ্রী শ্রী শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।