
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মহেশখালী পৌরসভাস্থ সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী উপজেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগীশিক মহেশখালী উপজেলা সংসদের সভাপতি পরিমল কান্তি শীলে’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লক্ষ্মী চরণ দে। আয়োজনে সহযোগিতা করে মহেশখালী গীতা প্রচার সংঘ ও শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৯২ জন শিক্ষার্থী ছয়টি গ্রুপে (ক-চ) অংশ নেয়। ছয়টি গ্রুপে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা মঞ্চে গীতার শ্লোক পাঠের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল লিখিত (নৈর্ব্যক্তিক) পরীক্ষা। আর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শারদীয় দুর্গোৎসব বিষয়ে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গীতার শ্লোক পাঠ, সংস্কৃত শব্দের শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শাস্ত্রীয় জ্ঞানচর্চার আগ্রহ বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক মহেশখালী উপজেলা সংসদের উপদেষ্টা মাস্টার প্রেমানন্দ ঘোষ, সিনিয়র সহসভাপতি সুব্রত দত্ত, সহসভাপতি তপন দে (শিক্ষক), জেলা সাংগঠনিক সম্পাদক জ্যোতি মল্লিক বাবু, অর্থ সম্পাদক শম্ভু দে (শিক্ষক), সাংগঠনিক সম্পাদক রাজেশ খান্না সুশীল, প্রচার সম্পাদক সনাতন দে, গীতা প্রচার সংঘের সহসভাপতি সন্তোষ কুমার পাল, শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সহসভাপতি সুমেন দাশ (পল্লিচিকিৎসক) এবং মন্দির কমিটির সদস্য পলাশ দে (শিক্ষক) সহ সংগঠনের অন্যান্য সদস্য, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় শিক্ষার চর্চা ও গীতার বাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।