
মোবাস্বির হোসাইন (ময়মনসিংহ)
আজ শুক্রবার ময়মনসিংহের সদর উপজেলার ৯নং খাগডহর ইউনিয়নের বেগুনবাড়ি রাস্তার মোড়ে যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট দুইটি খেলা অনুষ্ঠিত হয় এবং ৯নং খাগডহর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মির্জাপুর মাঠপাড়ে আয়োজিত এই ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিকুল ইসলাম শফি। অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হয় ‘মানবতা সংগঠন ময়মনসিংহ’ এবং ‘শতবন্ধু স্পোর্টিং ক্লাব’। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরবর্তীতে রোমাঞ্চকর টাইব্রেকারে ৩-৪ গোলে শতবন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয় অর্জন করে মানবতা সংগঠন ময়মনসিংহ। ম্যাচটিতে দক্ষতার সাথে রেফারির দায়িত্ব পালন করেন তৌহিদ হাসান জয়।
প্রধান অতিথির বক্তব্যে ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিকুল ইসলাম শফি বলেন, “খেলাধুলা হচ্ছে মানুষের মনের খোরাক এবং শারীরিকভাবে সুস্থ থাকার শ্রেষ্ঠ মাধ্যম। আজকের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে তরুণদের ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যুক্ত রাখতে হবে। আমি খাগডহর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও যুববান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যুবসমাজ যদি খেলাধুলায় মনোনিবেশ করে, তবে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড বহুলাংশে হ্রাস পাবে। তরুণদের এমন যেকোনো ইতিবাচক ও সমাজমুখী উদ্যোগে আমি সর্বদা পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
এর আগে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৯নং খাগডহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব আবুল মাজন ভূলন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ্ব আশরাফুল আলম সোহেল। বেগুনবাড়ি মোড়ের বিশিষ্ট সমাজসেবক জনাব তরিকুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনটি সঞ্চালনা করেন মানবতা সংগঠন ময়মনসিংহের সভাপতি ও ‘দৈনিক সংবাদ সংযোগ’ পত্রিকার মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজ্জাদ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিকুল ইসলাম শফি সহ অন্যান্য অতিথিবৃন্দ।