1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ব্যবসার উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হলেন, ফিরলেন লাশ হয়ে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ব্যবসার উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হলেন, ফিরলেন লাশ হয়ে

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

ব্যবসার কাজে প্রতিদিনের মতোই ভোরের আলো ফোটার আগেই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন রেজাউল ইসলাম (৪৫)। পরিবারের কেউ হয়তো ভাবেননি, প্রিয় মানুষটি আর জীবিত ফিরে আসবেন না। পাট কিনতে যাওয়ার পথে অজ্ঞাত একটি পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিভে গেল তার প্রাণ। স্বজনদের অপেক্ষার অবসান হলো, তবে ফিরলেন তিনি নিথর দেহে।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরে পাথরবাহী অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ধান ও পাট ব্যবসায়ী ছিলেন। বর্তমানে বিরামপুর পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকায় বসবাস করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে পাট কেনার উদ্দেশ্যে বিরামপুর থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে দূর্গাপুর চায়না অফিস মোড়ে পৌঁছালে গোবিন্দগঞ্জগামী একটি অজ্ঞাত পাথরবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন।

রেজাউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে স্বজনরা ছুটে আসেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে স্বজন ও সন্তানের সহপাঠীরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেন। প্রিয় মানুষকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বরের পরিবেশ।

বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park