
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধান ও রবি শস্য কেটে নিয়ে যাওয়া এবং পটলখেতের মাচাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে ৯ জনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ফসল নিয়ে যাওয়া এবং আরও ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এ ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৫৯) ও তাঁর পরিবারের সদস্যরা দলিলমূলে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেছেন। ওই জমিতে তাঁরা বিভিন্ন মৌসুমে ধান, রবি শস্য, হলুদ ও পটলসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর ২০২৬ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে চাষ করা ধান ও অন্যান্য ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। তিনি বাধা দিতে গেলে তাঁর রবি শস্যের ক্ষেত ভাঙচুর করা হয় এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা জমিতে চাষ করা ধান ও রবি শস্য নিয়ে যান, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এ ছাড়া পটলখেতের মাচাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। ভবিষ্যতে জমির অবশিষ্ট ফসলেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় মো. নজরুল ইসলাম ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে বিরামপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনজন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।