
মাসুদ রানা, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তালতলা গ্রামে নারকেল গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে গুরুতর আহত তিন সন্তানের জনক মো. রমজান আলী বাবুর পাশে দাঁড়িয়েছে বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশন এসএসসি ব্যাচ–২০১৮,
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের নিজস্ব তহবিল থেকে রমজান আলী বাবুকে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
রমজান আলী বাবু তালতলা গ্রামের বাসিন্দা। প্রায় সাত মাস আগে নারকেল গাছ থেকে পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। এরপর থেকে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি নিজ বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
এ বিষয়ে বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশনের সদস্যরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের অন্যতম উদ্দেশ্য। রমজান আলী বাবুর কষ্ট পুরোপুরি দূর করা সম্ভব না হলেও তার দুর্দিনে পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, সহ-সভাপতি মো. রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সদস্য মো. আশরাফুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম ও মো. মাহফুজ ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে দেশের বাইরে, ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থানরত বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, সবার সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।