
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশখালীতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
৬ অক্টোবর (মঙ্গলবার) মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমপি দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান তিনি।
সভায় কর্মকর্তারা জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি বিশেষ নজরদারি ব্যবস্থা জোরদার করা হবে।
মতবিনিময় সভায় মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন চৌধুরী, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোলতান, ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।