
সোহাগ হোসেন, সদর উপজেলা, সাতক্ষীরা
সামাজিক ও মানবিক সংগঠন সাতক্ষীরা সদর উপজেলার ‘দামারপোতা সংঘবদ্ধ তরুণ সমাজ’-এর উদ্যোগে এবং সংগঠনের সম্মানিত দেশ ও প্রবাসী মানবিক কল্যাণ উপদেষ্টাদের সহযোগিতায় এলাকার গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আলু এবং ১ লিটার ভোজ্য তেল প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দামারপোতা সংঘবদ্ধ তরুণ সমাজ কেবল খাদ্যসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং বছরজুড়ে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসুস্থ ও অসচ্ছল মানুষের আর্থিক সহায়তা, পবিত্র রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, প্রবীণ ও শিশুদের জন্য আনন্দভোজের আয়োজন, প্রাথমিক বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ—ঝড়, বৃষ্টি ও বন্যাকালীন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, এলাকার তিনটি মসজিদে বিশুদ্ধ পানির জন্য বৈদ্যুতিক ওয়াটার পিউরিফায়ার স্থাপন, তসবিহ, টুপি, আমপারা, জায়নামাজ, কার্পেট, হাজির রুমাল, কুরআন শরিফ ও হাদিসের বই বিতরণ এবং পরিবেশ রক্ষায় ফলজ ও বনজ গাছ রোপণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের আন্তরিকতা, ঐক্য, সততা, মানবিক মূল্যবোধ এবং দেশ-বিদেশে অবস্থানরত উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতার কারণেই সংগঠনটি আজ সমাজসেবায় একটি প্রশংসনীয় অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা আনিছুর রহমান, সহকারী সিনিয়র উপদেষ্টা মশিউর রহমান, সভাপতি সাকিবসহ সদস্য রায়হান, মেহেদি, ইয়াছিন, বর্ষাণ, আলামিন, আরিফুলসহ অনেকেই এ কার্যক্রমে অংশ নেন। কার্যক্রম পরিচালনা করেন বিএম তামিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আরএস সালাম।