
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল্লার ডেপা এলাকায় একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় তল্লাশি করে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।