
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি মোহাম্মদ আইয়ুবকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার চাকমাপাড়া-পাতাবাড়ি সংলগ্ন গহীন অরণ্য ও পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আইয়ুব টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত ইলিয়াস মিয়া ও আমেনা খাতুনের ছেলে।
এসআরবি-১৫-এর প্রেস রিলিজে বলা হয়, এজাহার অনুযায়ী আসামিরা দীর্ঘদিন ধরে নাজির হোসেনের শ্যালক খোরশেদ আলমের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত ৭ সেপ্টেম্বর এক লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এরপর ৯ সেপ্টেম্বর রাতে নতুন পল্লানপাড়ায় জাহাঙ্গীর আলমের কাছে পুনরায় চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আসামিরা কিরিচ, ছোরা, লোহার রড ও ইট দিয়ে হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে নৈশপ্রহরী নাজির হোসেন হামলা ঠেকাতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
গ্রেপ্তার মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।