
দাউদকান্দি প্রতিনিধি, আসাদুজ্জামান সাগর:
কুমিল্লা জেলার ‘ক’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপারের কাছ থেকে তিনি ক্রেস্ট গ্রহণ করেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন ক্ষেত্রে অর্জনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
এদিকে, বিভিন্ন ক্যাটাগরিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ সর্বমোট ১২টি পুরস্কার অর্জন করেছে। একসঙ্গে এতগুলো পুরস্কার অর্জন করায় থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ওসি সাজেদুল ইসলাম পলাশ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় দাউদকান্দি মডেল থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও সন্তোষ দেখা দিয়েছে। দায়িত্ব পালনে আরও গতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অর্জন পুলিশ সদস্যদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দাউদকান্দি মডেল থানার এ অর্জনকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয়রা। ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও আন্তরিকভাবে কাজ করবেএমন প্রত্যাশা তাদের।