
ঢাকার তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানার খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, সাদ্দামের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডিএমপির ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় তার বিরুদ্ধে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।