1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন বেলকুচিতে সাড়ে ১০ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক ​যশোর রিজিয়নে সাড়ে ৮৪ কোটি টাকার চো/রাচালানি মালামাল ও মা/দ/ক জ/ব্দ: ১৫২ জন গ্রে/প্তা/র। বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতা ও আগাম চিকিৎসার আহ্বান ​পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি: সাতক্ষীরার সেমিনারে বক্তারা। বিরামপুরে প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গের ৬ গোল, স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলার রতনকে দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে এক যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, অশালীন ভাষায় গালিগালাজ, আটকে রাখা এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত নায়েবকে সাত দিনের মধ্যে প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ময়মনসিংহের সাংবাদিকরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের নানা অসংগতি, অনিয়ম এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যান। কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে সাংবাদিকদের হেনস্তা, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি পাওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সরকারি দপ্তর জনগণের সেবার জায়গা। সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার বা হুমকির ঘটনা ঘটলে তা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, সাধারণ মানুষের তথ্য জানার অধিকারকেও বাধাগ্রস্ত করে।

তারা অবিলম্বে অভিযোগের নিরপেক্ষ তদন্তের স্বার্থে একটি তদন্ত কমিটি গঠন, সাত দিনের মধ্যে নায়েব আবুল কালামকে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিস থেকে প্রত্যাহার এবং অভিযোগের সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের আটকে রেখে বেঁধে পেটানোর হুমকি দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা কারও ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের যদি সরকারি কর্মকর্তার কাছ থেকে হুমকি ও হয়রানির শিকার হতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। অভিযুক্ত আবুল কালামকে দ্রুত প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো সরকারি কর্মকর্তা যেন ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক কিংবা সাধারণ মানুষকে হয়রানি করতে না পারেন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ কামাল মিজান, এশিয়ান টিভির প্রতিনিধি তাসলিমা রত্না, মফিদুল ইসলাম লাভলু, এনামুল হক ছোটন, বিল্লাল হোসেন মানিক, আরিফসহ ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত নায়েবকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দৃশ্যমান অগ্রগতি না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে গেলে নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ, আটকে রাখা এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park