
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩নং চন্ডিগড় ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এই নির্বাচনী আমেজে আলোচনায় উঠে এসেছেন চারবারের সাবেক সফল চেয়ারম্যান ও জনদরদী নেতা আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন। তিনি আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।
রাজনৈতিক জীবনে আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন অত্যন্ত সুপরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি ইতিপূর্বে দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নেত্রকোনা জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা বিএনপি’র ১নং সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।
জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার দীর্ঘ সাফল্যের ইতিহাস। ১৯৮৮ সালে তিনি প্রথমবার চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর জনগণের ভালোবাসায় ও সমর্থনে তিনি টানা ও পর্যায়ক্রমে দীর্ঘ ২৪ বছর এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এলাকাবাসীর মতে, দীর্ঘ সময় দায়িত্বে থাকার কারণে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা সম্পর্কে ভালোভাবে অবগত। তার শাসনামলে চন্ডিগড় ইউনিয়নে দুর্নীতি, অনিয়ম ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ বন্ধ ছিল বলে স্থানীয়রা উল্লেখ করেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন চন্ডিগড় ইউনিয়নবাসীর প্রকৃত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং তার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পূর্ণ করার জন্য দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল ও দলীয় নীতিনির্ধারকদের কাছে মনোনয়নের জন্য আকুল আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি আগামী নির্বাচনে তাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ৩নং চন্ডিগড় ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।