
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পাঁচবিবি পৌরসভার ২ নম্বর রেলগেট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন তিনি। পরে পর্যায়ক্রমে পৌর এলাকার ১৬টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে।
এ সময় তাঁর ছোট ভাই অ্যাডভোকেট নাছিবুল ইসলাম ছনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আলিফ ও আকরাম, যুবনেতা আবদুর রহমান, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আলিম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।