
সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাখরা সীমান্তের কোমরপুর এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চার বোতল হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) একটি টহল দল অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর নীলডুমুর ব্যাটালিয়নের অধীন শাখরা বিওপির (বর্ডার পর্যবেক্ষণ চৌকি) টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল কোমরপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চার বোতল তরল রাসায়নিক উদ্ধার করা হয়।
সংগৃহীত রাসায়নিক পরীক্ষা ও নিশ্চিত হওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাবের পরীক্ষা শেষে ল্যাব কতৃপক্ষ নিশ্চিত করে, বোতলজাত তরলগুলো হেরোইন প্রস্তুতের কাজে কাঁচামাল (প্রিকারসর কেমিক্যাল) হিসেবে ব্যবহৃত হয়। প্রতিটি বোতলের গায়ে উল্লিখিত মান অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় প্রতিটির আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া চার বোতলের মোট বাজার ও সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৮ লাখ টাকা।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস্ জানান, সাতক্ষীরার শাখরা সীমান্তে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-এমন চার বোতল দ্রব্য আটক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে।