
মোঃ আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় রেলের ছাদ থেকে ছিটকে নিচে পড়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবক গুরুতর জখম হয়েছেন। রাজশাহীগামী লোকাল ট্রেন ‘মহানন্দা এক্সপ্রেস’-এর ছাদে ভ্রমণকালে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার (১৮ই অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন আন্ডারপাস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির ছাদে ঝুঁকি নিয়ে বেশ কয়েকজন যাত্রী যাতায়াত করছিলেন। ট্রেনটি চুয়াডাঙ্গা রেলগেট আন্ডারপাস এলাকা পার হওয়ার সময় অসাবধানতাবশত ওই যুবক ছাদ থেকে নিচে রেললাইনের পাশে ছিটকে পড়েন এবং তার মাথায় মারাত্মক আঘাত পান।
পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদা জাহান তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ভর্তি করেন। বর্তমানে আহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।