
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি করে ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।
অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা বলেন, “তোমরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর। তোমাদের এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ আখতার জাহান দুলারী, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।