
টেকনাফ প্রতিনিধি//
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নুরুল হাকিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, উখিয়ার রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুরের পাশ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায় এক ব্যক্তিকে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তার সঙ্গে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক নুরুল হাকিম কক্সবাজারের উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্প-৫-এর ব্লক-ই-৬-এর বাসিন্দা। তিনি জকরিয়ার ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে।