
মাসুদ রানা সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরে চায়ের দোকানে কথাকাটাকাটি ও মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ অফিসের মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের পুত্র।
নিহতের ফুপাতো ভাই ও সাবেক কমিশনার মাসুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাতে জাকারিয়া প্রাণিসম্পদ অফিসের মোড়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় চা দোকানদারের সাথে কিছু বখাটে যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া সেখানে মারামারি ও হট্টগোল থামাতে এগিয়ে যান এবং শান্ত করার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে বখাটেদের মধ্যে কোনো একজন ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুকে ও পেটে আঘাত করে। এতে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মেধাবী এক তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শাহিদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে কারা জড়িত, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।