
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বাহিনীর একটি দল।
অভিযানের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে
জানিয়েছে এসআরবি-১৫। প্রাথমিক অনুসন্ধানে তাদের সমুদ্রপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে রাখা হয়েছিল বলে জানা গেছে।
এ ঘটনায় পলাতক ও জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।