
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নান্দাইল নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিসিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ও সংশ্লিষ্ট বিধিমালার বিধান অনুযায়ী গঠিত এই এডহক কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ হতে আগামী ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। নির্ধারিত এই মেয়াদের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় নান্দাইলের স্থানীয় রাজনৈতিক মহল, শিক্ষকসমাজ, অভিভাবক ও সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সুধীমহল ও এলাকাবাসী মনে করেন, একজন প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির সভাপতি হওয়ায় তার নেতৃত্ব এবং দিকনির্দেশনায় বিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন আরও বেশি গতিশীল হবে।