
নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিল বা জটিলতার কারণে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসীদের মধ্যে নেত্রকোণার চারজনও রয়েছেন। দীর্ঘদিনের কর্মসংস্থান হারিয়ে এসব প্রবাসী ও তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নেত্রকোণা সদর উপজেলার মো. আবুল কালাম, কেন্দুয়া উপজেলার সৈয়দ রয়েল পারভেজ ও মো. রনি মিয়া এবং মোহনগঞ্জ উপজেলার মো. আরিফুল ইসলাম । তারা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। ছুটিতে দেশে ফেরার পর ভিসা সংক্রান্ত জটিলতায় তাদের অনেকে কর্মস্থলে ফিরে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন।এ অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় আমিরাতে কর্মস্থলে ফেরানোর ব্যবস্থা, ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং প্রয়োজনীয় আইনি সহায়তার দাবি জানানো হয়েছে।এ দাবিতে ‘সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ঐক্য পরিষদ’ ১১ আগস্ট প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। এতে আমিরাত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা নিরসনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, কোনো কারণে আমিরাতে ফেরত পাঠানো সম্ভব না হলে বিকল্প দেশে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পরিবারকে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার দাবিও জানানো হয়েছে।নেত্রকোণার ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দ্রুত সরকারি উদ্যোগে তাদের কর্মস্থলে ফেরার সুযোগ এবং পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।