
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের প্রথমবারের মতো সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরীর নিজস্ব অর্থায়নে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়
শিক্ষক সমিতির নেতা ও নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালেক, হাসনাত মাহমুদ তালহা প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৭৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে গাছের চারা প্রদান করা হয়।