1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে আমবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কারাগারে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে আমবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কারাগারে

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামে ৮ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মো. তসলিম উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্ত তসলিম উদ্দিন বড় সারটিয়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা মালয়েশিয়া প্রবাসী। তিনি বাড়িতে না থাকায় শিশুটির মা তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে বসবাস করেন। গত ১১ মে সকাল ৯টার দিকে অসুস্থ ছোট মেয়েকে নিয়ে শিশুটির মা তার বাবার বাড়ি সলঙ্গা থানার জগন্নাথপুরে যান। এ সময় ৮ বছরের ওই শিশু বাড়িতেই ছিল।

ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি বাড়ির পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অবস্থান করছিল। এ সময় তসলিম উদ্দিন শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি আমবাগানে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয় জাহেদা খাতুন (২৭), নাসিমা খাতুনসহ (২৫) কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে শিশুটির মা হাসপাতালে গিয়ে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরিবারের সঙ্গে আলোচনা এবং শিশুটির চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও স্থানীয়রা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে অভিযুক্ত তসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর আদালতের জিআরও মো. জুয়েল রানা জানান, সদর থানা পুলিশ তসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park