
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়া সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিজিবি সূত্রে জানা যায়, বিস্ফোরণে আহত ব্যক্তি মো. বদিউল আলম (৪৫)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা। তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বদিউল আলম নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে মাইন বিস্ফোরণে আহত হওয়ার পর তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি যাচাইয়ে বিজিবি তৎপর রয়েছে।