
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় বক্তারা ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর তাৎপর্য তুলে ধরে গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
সভা শুরুর আগে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়। বক্তারা আহতদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিপন আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা. ওবায়দুর রহমান, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন, বন কর্মকর্তা মুহিত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।