
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মহেশখালীর মেধাবী কারাতে শিক্ষার্থী ইয়াসার আহমেদ জীম। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিহতের পরিবার নিশ্চিত করেছে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুযায়ী অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে ইয়াসার বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে একটি সংরক্ষিত ক্যাম্পাসে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিকেএসপি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে, ইয়াসারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইয়াসার আহমেদ জীম কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখতেন ইয়াসার। ছেলের সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক বাবা তাকে মহেশখালী থেকে ঢাকায় নিয়ে যান। কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে তিনি বিকেএসপির কারাতে বিভাগে ভর্তি হয়ে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিলেন।
সম্প্রতি অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ জুনিয়র দলের হয়ে অংশ নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন ইয়াসার। দেশীয় কারাতে অঙ্গনে সম্ভাবনাময় এই তরুণের অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গন, সহপাঠী, শিক্ষক, স্বজন ও মহেশখালীবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বপ্নবাজ এই কিশোরের এমন অকাল বিদায় শুধু একটি পরিবারের নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। এখন সবার প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।