
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় হোয়ানক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ ক্যাম্প–২০২৬। বিশেষ আকর্ষণ হিসেবে ক্যাম্পে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের জন্য ফ্রি নাক–কান ছেদন কর্মসূচি আয়োজন করা হয়।
১৬ জানুয়ারি (শুক্রবার) সকল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম, কক্সবাজার ও মহেশখালীর বিভিন্ন হাসপাতালের মোট ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে প্রায় এক হাজারের অধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় আড়াই হাজার ছাত্রীদের ফ্রি নাক–কান ছেদন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে আমাদের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সেই চিন্তা থেকেই এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের জন্য নাক–কান ছেদনের মতো একটি স্বাস্থ্যসম্মত উদ্যোগ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও মহেশখালীর সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি। এ মহৎ উদ্যোগে যাঁরা স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন—বিশেষ করে সম্মানিত চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
লদ্দিনোঅরো ফাউন্ডেশন হোয়ানক ও হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হোয়ানক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও এমইউপি সদস্য সেলিম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সিকদার, হোয়ানক ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ কলি সিকদার, জাতীয়তাবাদী কৃষকদল মহেশখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাহিদুল হাসান মানিক, আবু হানিফ, আবু হেলাল, আরিফ সিকদার, হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি. সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মেহেদী হাসান পাবেল, মেডিকেল ক্যাম্প–২০২৬ এর আহ্বায়ক নোমান উদ্দিন ইলাহী, উপদেষ্টা কর আইনজীবী নুরুল আবচার, উপদেষ্টা বোরহান উদ্দিন, সদস্য মইন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।