
সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. আবু হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর দেড়টায় ইউনিয়নের তিতা মাঝির পাড়া এলাকায় প্রধান সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে গেলে পুলিশ তাকে আটক করে। মাতারবাড়ি থেকে তাকে গ্রেফতার করে দ্রুত মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান এস.এম. আবু হায়দার প্রধান সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করতে আসেন। এসময় হঠাৎ পুলিশ এসে তাকে আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যায়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।
জানা যায়, এস.এম. আবু হায়দার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। চেয়ারম্যানের হঠাৎ গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, বিষয়টি রাজনৈতিক কারণে হতে পারে। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলার প্রেক্ষিতে বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।