
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে নৌকাযোগে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় মো. হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের কোনাপাড়া এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল।
আটক মো. হোসেন হোয়াইক্যং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তবর্তী কোনাপাড়া এলাকায় মিয়ানমার দিক থেকে নৌকাযোগে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করা হলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান।
এ সময় তার প্যান্টের পকেট থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি কার্টনে থাকা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।